পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে বান্দরবানে পাঁচটি ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত বৃহস্পতিবার বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রট আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
গতকাল রোববার বিষয়টি জানিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহাবুব কাদের। আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রায় ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৪২টি ইটভাটা সচল রয়েছে।
এর আগে, কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু ইটভাটাকে অর্থদণ্ড দেওয়া হয় এবং বুলডোজার ও এক্সকেভেটর দিয়ে কয়েকটি ভাটা ভেঙে দেওয়া হলেও, অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরমধ্যে পাঁচটি মামলায় ৮ জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।
পরোয়ানা জারি হওয়া ভোটার মালিকরা হলেন থানচি উপজেলার MSB ইটভাটা মালিক জেলা আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান সুজন, আলিকদম উপজেলার ABM ইটভাটা মালিক সামশুদ্দিন ও এখলাছুর রহমান, UBM ইটভাটা মালিক জামাল উদ্দিন। FBM ইটভাটা মালিক সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাই শওকত তালুকদার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার BBM ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ।
পরিবেশ অধিদপ্তরের দায়ের করা এসব মামলায় বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রট মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে পরিবেশ আদালতের পেশকার মাহাবুব কাদের বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা পাঁচটি মামলায় আদালত সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরইমধ্যে এসব অবৈধ ইটভাটা থেকে প্রায় ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৮টি ভাটার মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
