৭০ কেজি জাটকা জব্দ, মাদ্রাসায় বিতরণ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছবাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাজারে অভিযান চালায়।
অভিযানকালে বিক্রির জন্য রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। পরে জব্দ মাছ পার্শ্ববর্তী বেসনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। নৌ পুলিশ জানিয়েছে, জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
