স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন সালাহউদ্দিন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা কক্সবাজার সফরে যাচ্ছেন সালাহউদ্দিন আহমেদ। আগামী ৮ ও ৯ মার্চ দুই দিনের সরকারি সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। এতে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর বলেও উল্লেখ করা হয়েছে।
সফরসূচিতে জানা গেছে, আগামী ৮ মার্চ রোববার দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। পরে সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টায় পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ৯ মার্চ সোমবার সকাল ১০টায় পেকুয়া থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন।
পরে বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কক্সবাজার সফরকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের একজন গুরুত্বপূর্ণ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় সরকারি সফর আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আশা করছি, এই সফরের মাধ্যমে কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে। জেলার সর্বস্তরের নেতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
