গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত এক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, এক অজ্ঞাত লোক আজ সেহরীর সময় একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যায়। এসময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করে। পরে গ্রামবাসী খবর পেয়ে ওই লোককে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর দিলে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। পাশে একটি গরু ছিল সেটিও থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে। গরুটি থানা হেফাজতে আছে। গরুর মালিকের পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।