চরফ্যাশনে আইনজীবী সমিতির নির্বাচন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে জামায়াতপন্থি আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহ-সভাপতি এবং বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অ্যাডভোকেট লিয়াকত আলী ৩৭ ভোট ও অ্যাডভোকেট মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শেষে সবার উপস্থিতিতে চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন।

চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।