পাঁচ বিদেশি পিস্তলসহ নারী আটক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজখামার এলাকায় এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। গতকাল সকালে নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে ওই নারীকে আটক করা হয়। অস্ত্রসহ আটক সুরাইয়া পারভীন সুমী সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। চেকপোস্টে তল্লাশির সময় একটি গাড়িতে থাকা এক নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
