খালে পড়েছিল অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে খাল থেকে বস্তাবন্দি গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। গতকাল সোমবার বিকাল সোয়া ৩টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় ধরে বস্তাটি একই স্থানে পড়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, ভেতরে এক যুবকের গলাকাটা লাশ রয়েছে। নিহত যুবকের হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যার পর লাশটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।