ফ্যামিলি কার্ড বিতরণ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৩৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল চরফ্যাশন উপজেলা হলরুমে ভোলা জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৩৩টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এ সময় ফ্যামিলি কার্ড পেয়ে পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বগুড়া : সরকারের পাইলট প্রকল্পের আওতায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোপালবাড়ী গ্রামের ৪৯৬টি পরিবার ফ্যামিলি কার্ড হাতে পেয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ওই গ্রামে সদর উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ওই গ্রামের উপকারভোগী ৪৯৬ জন পরিবার প্রধান নারীর হাতে এ কার্ড তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সমাজসেবা বগুড়ার উপ-পরিচালক রকনুল হক, বিএনপি নেতা আলী আজগর হেনা, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, নাজমা আক্তার প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) : করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সাামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামে পাইলট প্রকল্প হিসেবে এক হাজার দশটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে খুশি সুবিধা পাওয়া নারীরা। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, পুলিশ সুপার এসএম ফরহাদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।