ধানখেতে পাওয়া নবজাতককে পেতে ১০ দম্পতির আবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকার ধানখেত থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যা শিশুটিকে নিয়ে এলাকায় এক অভূতপূর্ব সাড়া তৈরি হয়েছে। পরম মমতায় আগলে রাখা সেই শিশুকে নিজেদের সন্তান হিসেবে পেতে এরইমধ্যে ১০ জন আগ্রহী ব্যক্তি বা দম্পতি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা চালক মো. আব্দুল হালিম ধানখেত থেকে শিশুটিকে উদ্ধার করে তার স্ত্রী মজিদা খাতুনের কোলে তুলে দেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই শিশুটির প্রতি ভালোবাসা এবং দায়িত্ব নেওয়ার আগ্রহ বাড়তে থাকে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুটিকে দত্তক নিতে গতকাল বুধবার বিকাল পর্যন্ত অন্তত ১০ জন ব্যক্তি যোগাযোগ করেছেন। তাদের মধ্যে যেমন নিঃসন্তান দম্পতি রয়েছেন, তেমনি সচ্ছল পরিবারের মানুষও রয়েছেন যারা এই পরিত্যক্ত শিশুটিকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে চান। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে শিশুটির আজীবন দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান জানান, শিশুটির প্রতি মানুষের এই ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। তবে দত্তক নেওয়ার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে। আমরা বর্তমানে শিশুটির সুস্বাস্থ্যের ওপর জোর দিচ্ছি। দত্তক দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন এবং শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে এমন পরিবারকেই অগ্রাধিকার দেওয়া হবে। উদ্ধারকারী অটোরিকশা চালক আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন শুরু থেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আকুতি জানিয়ে আসছেন। তবে এখন আরও আবেদন জমা পড়ায় পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হতে পারে। বর্তমানে শিশুটি প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ আছে।