ময়মনসিংহে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ইউপি সচিব নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মান্নান তালুকদার। তিনি উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ ফুলপুর সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাপ্তরিক কাজ শেষে তারাকান্দা উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেলে করে বিসকা ইউনিয়ন পরিষদের উদ্দেশে রওনা দেন আব্দুল মান্নান তালুকদার।

পথে মধুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মান্নান তালুকদার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বারইপাড়া এলাকার মৃত মমতাজ তালুকদারের ছেলে। তারাকান্দা থানার ওসি (তদন্ত) বারেক মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।