রমেক হাসপাতালে পাঁচ দালাল গ্রেপ্তার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশে ঘোরাফেরা করা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের দালাল চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রমেক হাসপাতাল ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা ক্ষেত্রে প্রতারণা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে হাসপাতালের প্রধান গেটের প্রবেশ পথের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রংপুরের গংগাচড়ার ভুটকা এলাকার নওশা মিয়ার ছেলে মনোয়ার হোসেন, মিঠাপুকুরে আফজালপুর এলাকার মৃত মাহবুবার রহমানের ছেলে রানা মুন্সি, বদরগঞ্জের নন্দনপুর শ্যাম্পুর এলাকার মৃত বিপিন চন্দ্র সরকারের ছেলের শ্রী রিপন চন্দ্র সরকার, মহানগর হাজীরহাটের উত্তম এলাকার মৃত মাহাবুল হকের ছেলে গোলাম রব্বানী ও একই থানার অভিরাম মনোহার এলাকার মিজানুর রহমানের ছেলে আয়নাল হক।

মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।