স্বল্পমূল্যে মাংস ও ডিম বিক্রি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক আসমা শাহীন এ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি চালু করা হয়। কর্মসূচির আওতায় জনপ্রতি এক কেজি করে মাংস এবং ডিম জনপ্রতি দুই হালি করে দেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্যে প্রতি কেজি মাংস ৬৫০ টাকা এবং প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জেলা প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে।

স্বল্প মূল্যে মাংস ও ডিম কিনতে সকাল থেকেই অনেক মানুষ নির্ধারিত স্থানে ভিড় করছেন। আয়োজকরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।