চাঁদপুরে ১৪ জেলের কারাদণ্ড
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক ১৪ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- নুর মোহাম্মদ, ইকবাল হোসেন, আলাউদ্দিন, কামাল হোসেন, মো. ফিরোজ, খলিল হোসেন, সুমন, নবীর হোসেন, মো. সাগর, মো. জামাল, ইমাম হোসেন, আবুল হোসেন, হানিফা ও আল আমিন। এদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।
রাতে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জাটকা সংরক্ষণে মতলব উত্তরের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে উপজেলা টাস্কাফোর্স। এ সময় একটি বেহুন্দী জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি মাছধরা নৌকা ও ৪টি অ্যাংকর জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা ও অ্যাংকর নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জাটকা রক্ষা করা ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
