কালীগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করায় কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুর বাশাইর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের মোট ৫টি মামলায় বাসাইর বাজারের ব্যবসায়ী দুর্জয় নন্দী, শামীম ভূইয়া, মোমেন, আলী আজগর ও রেজাউল হক মির্জাকে সর্বমোট ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে পরিচালিত হয়ে আসছে ভ্রাম্যমাণ আদালত। তারই ধারাবাহিকতায় আজ বাশাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আইনের বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।