উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করায় ইউপি সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে দায়িত্ব পালনকালে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনার রহমানকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। গত বুধবার ডোমার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। জানা গেছে, গত ৯মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণকে কেন্দ্র করে ৭,৮ও ৯ নং ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন নবীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ঘাড়ধাক্কা দেন ইউপি সদস্য আমিনার রহমান। জনসম্মুখে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় উপজেলাজুড়ে চলে আলোচনা সমালোচনা।
ভুক্তভোগী উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন নবীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গত ৯ মার্চ তার ব্লকে সার বিতরণের দিন ছিল। ওই মাসে তিনি মোট ১৪৫ বস্তা সার বিতরণের বরাদ্দ পান। সে অনুযায়ী বিওপি বাজারে সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না জেনেই তার ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি আমাকে মারধর ও ঘাড়ধাক্কা দেন। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি সে বিষয়ে কর্ণপাত করেনি। পরে ঘটনার পর তিনি ডোমার থানায় একটি মামলা করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ভোগডাবুড়ি ইউপি পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু ইউপি সদস্যের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, একজন সরকারী কর্মকর্তাকে দায়িত্ব পালনরত অবস্থায় মারধর করা বেআইনি। এব্যাপারে মামলা করা হয়েছে ও পুলিশ অভিযুক্ত আমিনার রহমানকে গ্রেপ্তার করেছে।
