জয়পুরহাটে মৌসুমের প্রথম বৃষ্টি, তলিয়ে গেছে আলু খেত

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বৃষ্টিপাতে তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির আলুসহ বিভিন্ন ফসল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাদিক জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাপক বৃষ্টি হয় জয়পুরহাট জেলায়।

গতকাল সকালে জেলায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষকরা জানান, মাঠের এই আলুর বেশির ভাগ হিমাগারে বীজ হিসেবে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় এখন আলু তোলা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া স্ট্রবেরি, সরিষা এবং শাকসবজির জমিতেও পানি জমেছে।

আলু উৎপাদনে শ্রেষ্ঠ জেলা জয়পুরহাটে আলু তোলা প্রায় শেষ পর্যায়ে থাকলেও প্রায় ১১০ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জমি থেকে দ্রুত পানি বের করে দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। আলুর পরিপক্বতা তৈরি হওয়ায় তেমন ক্ষতির আশংকা নেই বলে জানান কৃষিবিদ সাদিক।