রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত দুই
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ট্রাকচালক ও হেলপারের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে পাথর বোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে রংপুর থেকে ছেড়ে আসা একটি সার বোঝাই ট্রাক নীলফামারির সৈয়দপুরের দিকে যাচ্ছিল। নিহত ট্রাকচালক ইদ্রিস আলী (৩৫) ঝিনাইদহ জেলার মহেমপুর উপজেলার জলুলী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। আহত একই ট্রাকের হেলপার আরিফুল ইসলাম একই এলাকার নুর ইসলামের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অন্য ট্রাকচালকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রিজ এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাথর বোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) ও সার বোঝাই ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলে মারা যায়।
