খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে জয়পুর গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে জুবায়েরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) মোট ৪২০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এই ৪২০ কেজি চাল জব্দ করেছি। জব্দ চাল আপাতত আমাদের হেফাজতে আছে এবং আগামী সোমবার নিয়ম অনুযায়ী তা প্রকৃত গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।
