আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে, আইজিপি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি বা কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে, তবে সব সমস্যার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে।

গতকাল শনিবার গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। তিনি বলেন, আমরা আইজিপি এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় এবং মহাসড়কে ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি থানা ও মহাসড়কে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়।

তিনি মাদকবিরোধী অভিযানের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, মাদক নির্মূলে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের অন্যায় ও অনিয়মের তথ্য গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি শ্রমিকদের উদ্দেশে অনুরোধ করেন, দাবি-দাওয়া থাকলে তা শান্তিপূর্ণভাবে উপস্থাপন করতে হবে। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় গার্মেন্টস মালিকদের প্রতিও আহ্বান জানিয়ে আইজিপি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করতে হবে। এতে অস্থিরতা ও অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

সমাবেশ শেষে উপস্থিত সুধীজনরা আশা প্রকাশ করেন, পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগে গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।