মুদি দোকানিকে হত্যার পর মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার প্রতিনিধি

রাজধানীর উপকন্ঠ সাভারে কালাম মিনা নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার পর আগুন দিয়ে মুখমন্ডল বিকৃত করার চেষ্টা করা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত কালাম মিনা (৩৫) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরে বসবাস করতেন এবং ল্যাবজোন হাসপাতালের পাশের গলিতে একটি মুদি দোকান পরিচালনা করতেন। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত গত শনিবার রাতেও দোকানে ছিলেন কালাম মিনা। তবে দোকান বন্ধ করে শনিবার রাতে আর বাসায় ফেরেনি তিনি। পরবর্তীতে গতকাল রোববার সকালে মজিদপুর এলাকার একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গতকাল রোববার সকালে কালামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় কালামকে কুপিয়ে হত্যার পর তার মুখমন্ডল বিকৃত করার চেষ্টায় মরদেহে আগুন দেয় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।