রাস্তায় বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুর বদরেরনেছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সূর্যের হাসি ক্লিনিক কৈইল্লারটেক সড়ক, শহরের দাসপাড়া ব্যস্ততম সড়ক, সাব রেজিস্ট্রি অফিস, কেন্দ্রীয় দূর্গা মন্দির, মসজিদ, ক্যাডেট দাখিল মাদ্রাসা, বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এ সড়কগুলো দিয়ে শিক্ষার্থীসহ প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোর মাঝখানে রয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। নানা কারণে বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তার মাঝখান থেকে সরানো যাচ্ছে না বলে জানান স্থানীয়রা। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড, বাংলা বাজার (পাকিস্তান বাজার) আমানউল্লাহপুরসহ বেশকিছু জায়গায় রাস্তার মাঝখানে এরকম বিদ্যুতের খুঁটি রয়েছে।
স্থানীয়রা জানান, প্রয়োজনের তাগিদে সড়কে চলাচল করছে অসংখ্য যানবাহন। কিন্তু এ সড়কের ওপর বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে মন্দির, মসজিদ ও ক্যাডেট মাদ্রাসার সামনে রাস্তা মাঝখানে পল্লীবিদ্যুতের কয়েকটি খুঁটি। রাস্তার মাঝখান থেকে এসব খুঁটি সরানোর জন্য বার বার অভিযোগ করার পরও অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্র জানায়, এ সড়কগুলো ছিল সরু। তখন টানা বৈদ্যুতিক লাইনগুলোর খুঁটি সড়কের পাশেই করা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়নের সূত্রে সড়কের প্রশস্ততা বেড়েছে। সড়ক বড় করার সময় বৈদ্যুতিক খুঁটিগুলো মাঝখানে রেখেই তা প্রশস্ত করা হয়। ফলে সড়ক বড় হয়ে সুবিধা হলেও খুঁটিগুলো যান চলাচলে দুর্ভোগ বাড়িয়েছে। এসব খুঁটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দাস পাড়ার স্থানীয় বাসিন্দা অর্জুন দাস বলেন, দাস পাড়া সড়কের বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত অপসারণ না করলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাপ্রার্থীরা ছাড়াও স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীরা বেশি চলাচল করে। দ্রুত খুঁটিগুলো অপসারণের দাবি জানান তিনি। অন্য বাসিন্দা দিলীপ কুমার দাস জানান, এরইআগে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে যাত্রীসহ চালকও আহত হয়েছে।
দাগনভূঞা মডেল দাখিল মাদ্রাসার এক শিক্ষক বলেন, দীর্ঘদিন এই সড়কটির প্রায় মাঝখানে বিদুৎতের খুঁটিগুলো। মাদ্রাসার শিক্ষার্থীরা এই সড়ক দিয়েই যাতায়াত করে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে আলাইয়ারপুর গিয়ে দেখা গেছে, সদ্য পিচঢালা সংযোগ সড়কের একটি অংশে বিদ্যুতের খুঁটি স্থাপন করা রয়েছে। সড়কটি প্রশস্ত করা হয়েছে। তবে খুঁটিগুলো অপসারণ বা স্থানান্তরের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আলাইয়ারপুরের স্থানীয় বাসিন্দা, আবদুস ছোবান ও মো. সোহেল বলেন, সদ্য সড়কটি পৌরসভার বাস্তবায়নে করা হয়েছে। সড়কটি প্রশস্ত করা হয়েছে। কিন্তু বিদ্যুৎতের খুঁটি সড়কের মাঝখানে রয়ে গেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়ছার সৌরভ বলেন, বিষয়ে ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনাল অফিসে আবেদন করা হবে। তাদের সংশ্লিষ্ট বিভাগ সরেজমিনে পরিদর্শন করার পর প্রাক্কলন করে পৌরসভাকে অর্থের চাহিদা প্রদান করবে। পৌরসভা রাজস্ব বরাদ্দ থাকা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাগনভূঞা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ জানান, পল্লী বিদ্যুৎতের খুঁটিগুলো রাস্তার পাশেই থাকে। রাস্তা সম্প্রসারণের কাজ শুরুর আগে চিঠি দিয়ে অবগত করলে আমরা খুঁটি সরানোর প্রয়োজনীয় সহযোগিতা করে থাকি। উক্ত কাজ করার সময় পৌরসভা থেকে যোগাযোগ করা হয়নি।
