সরিষাবাড়ীতে ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে শিলা বৃষ্টির প্রভাবে ও ঝড়ো বাতাসে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠের কাঁচা-আধাপাকা শত শত বিঘার বিভিন্ন জাতের ফসল পড়ে গেছে। কিছু কিছু জমি পানিতে তলিয়ে গেছে পানিতে ভাসছে সেই সব জমির ফসলগুলো। কৃষকদের কষ্টার্জিত ফসল এভাবে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষক।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করেছে কৃষকরা। এবছর তুলনামুলক ভালো ফলন হয়েছিল। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস হওয়ার ফলে প্রায় ৮ ইউনিয়ন ১৭ হেক্টর জমির ভুট্টা মাটিতে পড়ে ও পানিতে ডুবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অধিকাংশ কৃষিজমিতে পানি জমে আছে। হঠাৎ এই শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে শষ্য পড়ে যাওয়ায় সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা।
রঘুনাথপুর গ্রামের কৃষক আল আমিন মিয়া বলেন, আমার প্রায় আড়াই বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। হঠাৎ করে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কারণে সব ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়েছে। ভুট্টা নস্ট হওয়ার কারণে এ বছর লোকসানে পড়তে হবে।
চকপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম তারা বলেন, আমাদের কৃষিকাজ ও ফসল চাষ করেই সংসার চালাতে হয়। এবার ১ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছিলাম। গাছে ভুট্টার কলা বের হয়েছে। কিন্তু শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে সব ভুট্টা গাছ মাটিতে পড়ে গেছে।
