৫৪ জেলায় খাল খনন শুরু

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নওগাঁ : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি বিষয়ে ১০০ জনের মধ্যে ১০০ জনের কমপ্লিন (অভিযোগ) আছে। ওপেনলি (উন্মুক্ত) আমি কিছু বলতে চাই না। তবে আমি জনগণের জন্য সততার সহিত কিছু করতে চাই এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। হিরা, স¦র্ণ ও রুপা মূল্যবান ধাতু। তবে আল্লাহর দান শ্রেষ্ট সম্পদ মাটি। যেখানে বীজ রোপণ করা হলে স¦র্ণ ফলে।

গতকাল সোমবার দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় সরকারের নির্বাচনি ইসতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নিয়ামতপুর উপজেলার বেলগাপুর-জুলুপাড়া উপ-প্রকল্পের বেললতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। কাজটির বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ।

ভূমিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ। শহরগুলো বৃদ্ধি পাচ্ছে। আমাদের খাদ্যের যে চাহিদা তা আমাদেরই পূরণ করতে হবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনে জনগণ তাদের ভোট দিয়ে সেবা করার জন্য নির্বাচিত করেছে। জনগণকে শুষে খাওয়ার জন্য না। সারাদেশের নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখনন করা হবে। এছাড়া সারাদেশে সড়কগুলো সংস্কার করা হবে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। যার লাগবে কার্ড নিবেন, লাগবে না নিবেন না।

এ সময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকৌশলী বদরুদ্দোজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-এ-আলম মিঠু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন দোহাসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে মরহুম শহিদ জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়- বেলগাপুর-জুলুপাড়া পর্যন্ত বেললতা খালের দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। যার বরাদ্দ ধরা হয়েছে ১৪ লাখ ৬২ হাজার টাকা। খালের উপরের প্রস্থ ১৪ ফুট ও নিচের প্রস্থ ৮ ফুট এবং গভীরতা ৬ ফুট। খাল খননের ফলে ১ হাজার ৫০টি পরিবার উপকৃত হবে এবং ৭৫১ হেক্টর এলাকার শস্যের নিবিড়তা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।

স্থানীয় সূত্রে জানা যায়- ২০১১ সালে খালটি পুনঃখনন করা হয়েছিল। দীর্ঘ বছর খনন না করায় পলি পড়ে অনেকটা ভরাট হয়ে কোথাও কোথাও সরু হয়ে যায়। এতে খালের পানি উপচে ফসলি জমিতে পানি প্রবেশ করে। এ মাঠে বছরে একটিমাত্র ফসল বোরো আবাদ হয়ে থাকে। তবে অল্প কিছু পরিমাণ উঁচু জমিতে আমনের আবাদ হয়ে থাকে। খাল খননের ফলে এ মাঠে আমনের চাষাবাদ বাড়বে এবং কৃষকরা অথনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

মানিকগঞ্জ : দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। গতকাল সোমবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন উদ্যোগ হাতে নিয়েছেন। এই কর্মসূচি কার্যকর হলে খাদ্য উৎপাদন বাড়বে, মৎস্য চাষে প্রসার ঘটবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।’

মন্ত্রী স্মরণ করেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কাশাদহ খালের খনন উদ্বোধন করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সেই স্মৃতি বিজড়িত খালের পুনঃখননও উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিমানমন্ত্রী পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শন করেন। তিনি যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ‘যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া নেওয়া চলবে না, রাস্তায় চাঁদাবাজি যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।’

কুমিল্লা : কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয়, বরং অন্যায়কারী, দুষ্কৃতকারী। দীর্ঘ সময় ধরে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করেছেন। তাদের এসব দখলদারিত্ব ছেড়ে দিতে হবে। গতকাল সোমবার কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খালের ৫ হাজার ৩০০ মিটার খনন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, বিএডিসি লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশাঁরি চর মাঠ থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত খালটি খননের জন্য নির্ধারণ করেছে। এই খাল খননের ফলে প্রায় অর্ধশত গ্রামের আড়াই হাজার কৃষি পরিবার উপকৃত হবে। ২ হাজার হেক্টর কৃষি জমি জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষকরা জানান, খালের আশপাশের বিস্তীর্ণ কৃষি জমি থেকে বর্ষার পানি নিষ্কাশনের একমাত্র উপায় এই খালটি।

নড়াইল : নড়াইলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সদরের শেখহাটি ইউনিয়ের হাতিয়াড়া গ্রামের মাঠ এলাকায় (২.৪ কিলোমিটার খাল) এ কর্মসূচির উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনকালে সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, খাল খনন কর্মসূচিতে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি অন্ধকার জগত পার করে এসেছি। সেই যুগে ব্যাপক হারে লুটপাট হয়েছে। গতকাল সোমবার বিকালে নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন, যশোর পানিউন্নয়ন বোর্ডে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, নড়াইল পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার।

কুষ্টিয়া : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করব। শুধু খনন নয়, উচ্ছেদও করব। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন। তারা কেউ থাকবেন না।

গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অনেক মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জায়াতিত’ এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগ সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে প্রদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাব। চেষ্টা করব সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করা হবে। অযৌক্তিকভাবে যে সমস্ত বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।’

গণভোট, এনসিপি ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘প্রথমত এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছেন। আমরা পার্লামেন্টে এর জবাব দিব। উনাদের এই অভিযোগটা সঠিক নয়। আমরা, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই আমরা হেঁটে যাব। আমাদের কোনো ইমোশনের জায়গায় নাই। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি।’

জানা গেছে, সারা দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরআগে গতকাল সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনি ইস্তেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে আমরা নাব্যতা আনব। সেচ আনব। ফসলের উৎপাদন বাড়াব। পরিবেশের উন্নতি করব। মানুষের স্বনির্ভতা আনব ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করব। আমাদের প্রিয় নেতা শহিদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনি ইস্তেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামেলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

মৌলভীবাজার : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল খননে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাগ্য বদলে যাবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে নেমে পড়েছিলেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে বিশেষ মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে সাধারণ জনগণ আবারও স্বেচ্ছায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পিরোজপুর : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সেহেল মনজুর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন খাল দীর্ঘদিন অবহেলা ও রাজনৈতিক কারণে খনন কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন শুরু করা হয়েছে। এক সময় দেশের উন্নয়ন ও কৃষি ব্যবস্থার সঙ্গে খাল কাটা কর্মসূচি ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু পরবর্তী সময়ে খাল না কাটায় সেগুলো ভরাট হয়ে যায় কিংবা দখল হয়ে পড়ে। অথচ কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানি নিষ্কাশনের জন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতকাল সোমবার সকাল ১১টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া ভুবেনশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর খাল কাটা কর্মসূচির আলোকে প্রধানমন্ত্রী Tarique Rahman -এর নির্দেশনায় সারাদেশের ৫৪টি জেলায় একযোগে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে ভাণ্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ খালগুলোর তালিকা এরইমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সেসব খাল পুনঃখনন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বন্ধ হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা। কিন্তু বিভিন্ন স্থানে খাল ভরাট করে অবৈধভাবে বসতি গড়ে তোলা হয়েছে কিংবা ব্যক্তিগত স্বার্থে খালের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের এই উদ্যোগের সুফল পেতে হলে খালগুলোর রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত সপ্তাহে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করেছে। এই কর্মসূচি নিয়ে একটি মহল নানা ধরনের সমালোচনা করেছিল এবং এটিকে ভাঁওতাবাজি বলে আখ্যা দিয়েছিল। কিন্তু বাস্তবে এই কর্মসূচি এখন চালু হয়েছে এবং এর মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি আরও বলেন, কেউ কেউ বিভিন্ন সময় ‘জান্নাতের টিকিট’ নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং নানা ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সরকার জনগণের সঙ্গে কোনো ধরনের ভাঁওতাবাজি করেনি। ফ্যামিলি কার্ড কার্যক্রমই তার প্রমাণ। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ধাপে ধাপে বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু করা হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড কার্যক্রমও চালু করা হবে। পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে হাজার হাজ খাল আছে, সেই খালগুলো খনন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ৪০০ খাল প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। এই খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে চাই, সজীব করতে চাই। খাল খননের মধ্যামে উৎপাদন এবং বিনিয়োগ বৃদ্ধির যে অর্থনৈতিক দিশা, একই সঙ্গে প্রাণ-প্রকৃতি রক্ষা করা- এই দুইয়ের সংমিশ্রণের মধ্য দিয়ে পুরো উন্নতিটাকে দেখার সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটাই কার্যকর করার একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, নদী, নালা, খাল ও বিল আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্যও অত্যাবশ্যকীয়। যারা নদী-নালাকে দখল করছে, দূষণ করছে- এগুলো দ্রুত পরিবর্তন করতে হবে, দখলমুক্ত করতে হবে। এগুলোকে সজীব করে তুলতে হবে, যাতে করে আমাদের জীবনটাও সজীব হয়ে উঠে, অর্থনীতিও সজীব হয়ে উঠে।

বোয়ালিয়া খালটির দৈর্ঘ্য ৬ কিলোমিটার। খালটি দুদিকেই তিতাস নদীতে মিশেছে। এরআগে খালের ৪ কিলোমিটার খনন করা হয়। গতকাল সোমবার খালের বাকি ২ কিলোমিটার ও অন্যটি শাখা খালের ১ দশমিক ৮০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এতে ব্যায় ধরা হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এমএ হান্নান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

পাবনা : যারা শেকড় ভুলে যায় তাদের শেকড় উপড়ে ফেলতে বার বার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল। গতকাল সোমবার দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ফরজানা শারমিন পুতুল বলেন, যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন করতেছি? তাদের বলতে চাই- আমাদের শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতেই ৫ আগস্ট বার বার ফিরে আসে। তিনি বলেন, উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।

দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানিউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পাবনা শহরের মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে এই খালটি খনন করা হচ্ছে। পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাটোর : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আঙুলের কালির ছাপ শুকানোর আগেই প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কাজ শুরু করেছেন। খাল খনন কর্মসূচির পাশাপাশি দেশে ফ্যামিলি কার্ড প্রবর্তণ করা হয়েছে, মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে, কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, এটির মাধ্যমে তারা সুদমুক্ত ঋণ পাবেন।

তিনি গতকাল সোমবার দুপুর দুইটায় বড়াইগ্রামের কুমরুল এলাকায় মির্জা মামুদ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, পানিউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীন কুমার গোস্বামী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর বক্তব্য রাখেন।

দুলু আরও বলেন, আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেশের মানুষকে সুশাসন উপহার দিতে চাই। অতীতের অন্ধকার দুঃশাসনে ফিরে যেতে চাই না। দেশে কোনো মানুষ আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে কুমরুল হয়ে খোর্দ্দকাচুটিয়া পর্যন্ত খালের চার দশমিক ৮৫ কিলোমিটার পুনঃখনন কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।