বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর আবির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নলবুনিয়াকান্ডি এলাকার গুদারাঘাট সংলগ্ন নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে। এর আগে রোববার দুপুরে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলো সে। এবিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও আবির হোসেন নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে গতকাল সোমবার সকাল ১০টা ১০ মিনিটে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
