ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে পশুহাট

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বৃহত্তর দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশু হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের চাহিদা ও পশুর দাম উভয়ই বৃদ্ধির কারণে হাটে চলছে তীব্র দরকষাকষি। সাপ্তাহিক হাটে দেখা গেছে, মাংসের জন্য উপযুক্ত গরু ও ছাগলের চাহিদা বেশি। অনেক ক্রেতা বিশেষভাবে সমিতির গরু কেনার জন্য এখানে আসছেন। কসাই ও ব্যবসায়ীরা ঈদের আগে মাংস বিক্রির জন্য ভালো মানের পশু পছন্দ করছেন। জীবননগর উপজেলার উথলী গ্রামের ব্যবসায়ী লিটন হোসেন বলেন, গত কয়েকদিনের তুলনায় এখন গরু-ছাগলের দাম বেশি।

আজ হাটে তিনটি গরু এনেছিলাম, দুটি বিক্রি করেছি। একটি বিক্রি হয়নি কারণ চাহিদা অনুযায়ী দাম পাইনি। হাটে গরু কিনতে আসা আনু ব্যাপারি বলেন, এই হাটে অনেক গরু আসে। পছন্দমতো বিভিন্ন সাইজের গরু কেনা যায়। আমরা দুটি ট্রাকে ৪০টি গরু কিনে ঢাকার বিভিন্ন হাটে বিক্রি করব। ঈদের আগে আর এখানে আসার পরিকল্পনা নেই। নাজমুল হক জানান, মাংসের সমিতির জন্য ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে গরু কিনতে এসেছি। কিন্তু পছন্দের গরু ২ লাখ ৫০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ছাগল কিনতে আসা মাহাবুব আলম বলেন, গত হাটের তুলনায় আজকে ছাগলের দাম বেশি। পছন্দমতো ছাগল দাম ঠিক হলে কিনব।