ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৪২) ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া নামের এক ব্যক্তি।
পুলিশ ও ?স্থানীয় সূত্রে জানা গেছে, ১০/১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে গতকাল মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালায়। এসময় বড় বাজারের ব্যবসায়ী প্রতিবেশী সুমন পরিস্থিতি শান্ত করতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী সুমনকে ছুরিকাঘাত করেন রুবেল। হামলায় সুমন ও দুলাল দুজনেই রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বিকালেই অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। লাশ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
