টাঙ্গাইলে বাস সিএনজি সংঘর্ষে নিহত তিন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ি উপজেলায় যাত্রবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ধনবাড়ি পৌরসভার নল্লা গ্রামীণ ব্যাংকের সঙ্গে নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সঙ্গে নলহরা এলাকায় জামালপুর থেকে একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

ধনবাড়ি থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ির দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। নিহত দুজনই অটোরিকশার যাত্রী।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এতে তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে। লাশ তিনটি থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।