খাগড়াছড়িতে পরিত্যক্ত রেস্টুরেন্টে আগুন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার দখলে থাকা আলুটিলা খাস্রাং রেস্টুরেন্টের একটি কক্ষ আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের ২ টি ইউনিট ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, বিকাল ৫ টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে খাগড়াছড়ি সদর স্টেশনের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আধা পাকা টিন শেড পরিত্যক্ত কক্ষে একটি তাক ছাড়া আর কিছু ছিল না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রেস্টুরেন্টটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধূমপান করে ফেলা আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরে খাগড়াছড়ি সদরের আলুটিলা পর্যটন কেন্দ্রের পাশে রেষ্টুরেন্টটি চালু করেন তৎসময়ের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শুরু থেকে সরকারি খাস জমি দখল করে রেস্টুরেন্ট ও কটেজ নির্মাণ নিয়ে বিতর্ক থাকলে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে কয়েক দফায় রেস্টুরেন্টে লুটপাত চালানোর পর পরিত্যক্ত হয়ে যায়। ২০২৫ সালের ২৩ জানুয়ারী সরকারি ৪ একর খাস জমি দখল করে খাস্রাং রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় মামলা করে। এরপর থেকে সরকারি সম্পত্তি ঘোষণা করে এসব ভূমি স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণে নেয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, সরকারি খাস ভূমি হিসেবে চিহ্নিত করে সেখানে কালচারাল সেন্টার নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। উক্ত ভূমি এখন সরকারি সম্পত্তি। আগুনের ঘটনা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
