বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা পরিস্থিতিতে অনুষ্ঠান ত্যাগ করেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
গতকাল বৃহস্পতিবার সকালে ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উল্লেখিত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়- অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব বিএনপির এক নেতাকে দেওয়ায় তিনি সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে শ্লোগান দেন। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিল না। এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। কিছু দুষ্কৃতিকারী অনুষ্ঠানটি বিশৃঙ্খল করতে উত্তেজিত হয়ে আজেবাজে ভাষায় গালাগালি করে।
সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, সুন্দরভাবে অনুষ্ঠান চলছিল তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। পরবর্তীতে এ বিষয়ে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে আরও সুন্দরভাবে করার আহ্বান জানান।
