রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ছয়জন কথিত মাদক কারবারিকে ৪০০ পিস ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শহরে মাদক ক্রয়-বিক্রয়ের বিস্তার এবং উঠতি বয়সী কিশোর-তরুণদের মাদকাসক্তির ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা পুলিশ কঠোর অবস্থান নেয়। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় জিরো টলারেন্স নীতির আওতায় শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় মাদক কারবারি সজল দাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ মোট ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সজল দাশ, হৃদয় দাশ, সাইফুল ইসলাম, বৃন্দাবন বড়ুয়া, সুমন দাশ, কাজল দাশ। শহরের কাঁঠালতলী, সুখীনীলগঞ্জসহ কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় আরও দুইজন আসামি পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, গত ২৪ ও ২৫ মার্চ রাতেও পৃথক অভিযানে ৩০ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, সজল দাশের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত ২৫টি, সুমনের বিরুদ্ধে ১৩টি হ্রদয় দাশ ৪টি সাইফুল ৫টি ও বৃন্দাবন বড়ুয়া ২টি মাদক মামলা। ওসি জসিম উদ্দিন জানায় আমি ও পুলিশ সুপার মহোদয় নির্বাচনের দুইমাস আগে যোগদান করেছি, এলাকার জনগণের দাবী ও পার্বত্যবিষয়ক মন্ত্রী মহোদয়ের নির্দেশে মাদকমুক্ত পর্যাটন শহর গড়তে উদ্যোগ নিয়েছে। আমরা যেহেতু নতুন তাই বিভিন্ন অসামাজিক কার্যক্রম জড়িত অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালী ও রাঘব বোয়ালদের গ্রেপ্তার চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমরা অচিরে মাদকমুক্ত পর্যাটন শহর গড়তে সক্ষম হওয়ার আশাবাদী।