‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯,৭৮৩ লিটার জ্বালানি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেলমজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তেলের মজুত যাচাই করে।
পরিদর্শনে দেখা যায়, পাম্পটিতে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন পাওয়া যায়। অথচ এসব জ্বালানি থাকা সত্ত্বেও ক্রেতাদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না।
এ ধরনের কার্যক্রমকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের ভোগান্তিতে ফেলার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অভিযান চলাকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
