গরু চোরের সঙ্গে সখ্যতায় পুলিশ কর্মকর্তা সাসপেন্ড
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ, সখ্যতা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংযুক্তির কথোপকথনের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদকে বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে সকাল ১০টায় (২৭ মার্চ) জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পুলিশ সুপার আবদুর রউফ মুঠোফোনে জানিয়েছেন, তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়।
পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে পাশের বাঁশগাড়ি গ্রাম থেকে সন্দেহভাজন আলাল মিয়াকে আটক করে এবং তার বাড়ি থেকে গরুটি উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, আটকের পর আলাল চুরির বিষয়টি স্বীকার করেছেন।
আলাল মিয়াকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন স্থানীয়রা।
এতে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোহাম্মদ মাসুদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়। ফোনের ইমো চ্যাট, ভয়েস মেসেজ ও কললিস্টে চুরির আগে ও পরে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে আলালের কথা বলার আলামত মেলে।
ভাইরাল হওয়া এক ভয়েস রেকর্ডে শোনা যায়, চুরিতে যাওয়ার আগে এএসআই মাসুদকে কল দিয়ে আলাল বলছেন, চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন।’ স্থানীয়দের দাবি, আলাল মিয়া আগে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং সেই সূত্রেই এএসআই মাসুদের সাথে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।
অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে না চিনেই ইমোতে কথা বলেছি, এর বাইরে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গতকাল ২৬ মার্চ জানিয়েছিলেন, গরু চুরির ঘটনায় আলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের ওই সদস্যের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
