ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের নিজেদের গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গতকাল শুকবার ভোরে উপজেলার স্টিমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম সাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমারঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে তাদের নিজেদের এক সদস্য সাগর গুলিবিদ্ধ হয়। পরে অন্যরা পালিয়ে গেলে স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
