সিংড়ায় ৫৮ ব্যারেল তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৮ ব্যারেল তেল উদ্ধার করা হয়। লাইসেন্স বিহীন এই বিপুল পরিমাণ তেল মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকালে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকায় মেসার্স আশা ট্রেডার্সের মালিক আলতাফ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। ওই ব্যবসায়ী তার দোতলা বাড়ির নিচতলায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন এবং ২ ব্যারেল করে পেট্রোল ও মবিল মজুত করে রেখেছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, ভোক্তা অধিকার আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ তেল আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ মর্মে ব্যবসায়ীর কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়।