শিক্ষকদের সঙ্গে রাজবাড়ী জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বৈষম্যমুক্ত, সহায়ক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।