কলমাকান্দায় টানা বৃষ্টিপাতে ফসলি জমিতে জলাবদ্ধতা
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার সীমান্তবর্তী মেঘালয় অঞ্চল কলমাকান্দা উপজেলায় টানা বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলের বিলের কৃষকের ফসলি জমিগুলো জলাবদ্ধতার কারণে চরম বিপাকে পড়েছে সাধারণ কৃষকেরা।
গত রোববার দিনব্যাপী উপজেলার খারনৈ ইউনিয়নের মেদা বিল, রংছাতি ইউনিয়নের কবির বিল ও বরখাপন ইউনিয়নের গোড়াডুবা ও পোগলা ইউনিয়নের বিভিন্ন ফসলি বিলের শত শত হেক্টর জমিতে জলাবদ্ধতার এই বাস্তব দৃশ্য সরজমিন ঘুরে দেখা গিয়েছে। ওইসব বিল ও নদীর পাড়ের স্থানীয় কৃষকেরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন কতৃর্ক এই জলাবদ্ধতা পয়ঃনিষ্কাশনে বা নিরসনের কোনো উদ্যোগ নেই, আমরা সাধারণ কৃষকেরা পড়েছি চরম বিপাকে। আমাদের বছরে একটি ফসলের ওপর নির্ভর করতে হয় পরিবারবর্গ নিয়ে। কিন্তু যেভাবে প্রতিদিন ঝড় শিলা বৃষ্টি হচ্ছে তাতে আমাদের ভাগ্যে সামনে কি আছে জানি না। এই হারভাঙ্গা কষ্টের ফসল ঘরে তুলতে পারি কি না জানি না। সদর ইউনিয়নের সোনাডুবি বিলের কৃষক হাজ্বী সোয়াব মিয়া, বরখাপন গুরাডুবি বিলের কৃষক মিন্ট মহানায়ক ও পোগলা আশারানি বিলের কৃষক কাশেম মিয়া বলেন, আমাদের এই ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে নিজেরা নিজেদের ফসলি জমি বাচাতে স্থানীয় কৃষকেরা মিলে জমিতে নালা কেটে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করে যাচ্ছি। কিন্তু এতে কি যতেষ্ট ফসল বাচানো সম্ভব? যদি দ্রুত উপজেলা প্রশাসন কোনো উদ্যোগ না নেন তবে এই ফসলি জমিগুলো পানির নিচে পচে যাবে অচিরেই।
