কেন্দুয়ায় তামাক চাষের আগ্রাসন বাড়ছে
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। রাস্তার দুপাশজুড়ে বিস্তীর্ণ তামাক খেত, আর বাড়ির আঙিনা থেকে শুরু করে খোলা জায়গাজুড়ে শুকানো হচ্ছে তামাক পাতা। শুধু বৈরাটী নয়, উপজেলার দুল্লী, চিটুয়া, নোয়াপাড়াসহ বেশ কয়েকটি গ্রামেই একই চিত্র দেখা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাটী গ্রামেই অন্তত শতাধিক কৃষক তামাক চাষের সঙ্গে যুক্ত। বর্তমানে জমি থেকে পরিপক্ক তামাক পাতা সংগ্রহ করে তা রোদে শুকানো এবং বাজারজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বৈরাটী গ্রামের কৃষক আব্দুল হাকিম জানান, তিনি গত কয়েক বছর ধরে ৫০ শতক জমিতে তামাক চাষ করে লাভবান হচ্ছেন। এবারও একই পরিমাণ জমিতে তামাক আবাদ করেছেন। তিনি বলেন, তামাক চাষে পরিচর্যা একটু বেশি লাগে, কিন্তু খরচ কম। এই জমিতে ধান করলে যেখানে ১০ হাজার টাকার মতো লাভ হতো, সেখানে তামাক করে কমপক্ষে ৫০ হাজার টাকা লাভ হবে। একই গ্রামের কৃষক আবু বক্কর জানান, গত বছরের তুলনায় এবার তামাকের দাম কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি শুকনো তামাক পাতা ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ৪০০ থেকে ৫০০ টাকা। তিনি বলেন, তামাক পাতা শুকিয়ে স্থানীয় রোয়াইল বাড়ি ও চিরাং বাজারে বিক্রি করা হয়। অনেক সময় ব্যবসায়ীরা বাড়িতে এসে পাইকারি দরে কিনে নিয়ে যায়। তামাক চাষি আব্দুর রহিমসহ একাধিক কৃষক জানান, মাঝে মধ্যে সরকারি কর্মকর্তারা এসে তামাক চাষ না করার পরামর্শ দেন। তবে বংশপরম্পরায় এ চাষ করে আসায় এবং লাভ বেশি হওয়ায় তারা তা ছাড়তে পারছেন না।
