মাকে হত্যার পর ছেলে পালিয়েছে
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই গ্রামের কাতার প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত ছেলের নাম মুরাদ হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা আক্তার তার ছেলে মুরাদ হাসান ও শিশু কন্যা ইয়ামিনকে (৫) নিয়ে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন।
রাতের কোনো এক সময় মুরাদ হাসান তার মাকে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে লাশ ঘরের এক কোণে ঢেকে রাখে। পরে বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে সোমবার ভোরবেলা ছোট বোন ইয়ামিনকে নিয়ে পালিয়ে যায়। ঘরে তালা দেখে বাড়ির লোকজন মুক্তাকে না পেয়ে তালা ভেঙে তার লাশ দেখতে পান। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ সময় নিহতের লাশের পাশ থেকে একটি রক্তাক্ত বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ছেলেটা মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রাতের কোনো এক সময় মুরাদ তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে লাশ লুকিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুরাদ হাসানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
