‘চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে’

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে গতকাল সোমবার দুপুরে ১৩নং ওয়ার্ডস্থ নেভী কনভেনশন হল থেকে আকবর শাহ মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে (এডিপি অর্থায়নে) বাস্তবায়িতব্য এ প্রকল্পটির আওতায় ২.৯১ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৩.৭১ মিটার (প্রায় ৪৫ ফুট) প্রশস্ত করে সম্পূর্ণ বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। পাশাপাশি পুরো সড়কে ক্যাটস আই স্থাপনসহ পেইন্ট মার্কিং করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং, স্পিড লিমিট, বাম ডান নির্দেশক সাইন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় তথ্যসম্বলিত সাইনেজ স্থাপন করা হবে।

এছাড়া সড়কের উভয় পাশে মোট ৫.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ১.৫ মিটার প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হবে, যেখানে পার্কিং টাইলস ব্যবহার করা হবে। ৩ কিলোমিটার দীর্ঘ ১ মিটার প্রশস্ত নতুন ড্রেন নির্মাণ এবং ৭০০ মিটার মিডিয়ান আইল্যান্ড নির্মাণ করা হবে, যেখানে কার্ব স্টোন ও দৃষ্টিনন্দন বাগান থাকবে। সড়কের উভয় পাশেও সৌন্দর্যবর্ধনে বাগান তৈরি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে আরও কার্যকর করতে আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে সংযোগ আরও সহজ ও গতিশীল হবে।

তিনি আরও বলেন, নির্মাণ কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা আমাকে জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে সড়ক সম্প্রসারণে ভূমি ছাড়ার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী তাসমিয়াহ তাহসিন, সহকারী প্রকৌশলী মো. শহীদুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা আবদুল হালিম স্বপন, আবদুল আহাদ রিপনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।