ফরিদপুরে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

দীর্ঘ সময়ের বিরতির পর অবশেষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শহরে মশার উপদ্রব বেড়ে যাওয়া এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলেও এতদিন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নাগরিকদের মধ্যে ক্ষোভ ছিল। সেই প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংসে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে শহরকে দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার কথাও জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপনসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন পর শুরু হওয়া এই কার্যক্রম যেন নিয়মিতভাবে পরিচালিত হয় এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আসে।