ফেনী জেলা পরিষদের প্রশাসক এমএ খালেক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শাহজালাল ভূঞা, ফেনী

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীসহ সারাদেশের ১৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ২৪ এর গণঅভ্যুত্থানের পর হত্যাসহ একাধিক মামলার আসামি হয়ে তৎকালীন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন আত্মগোপনে চলে যাওয়ায় ফেনী জেলা প্রশাসক (ডিসি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন। অধ্যাপক এমএ খালেক বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি ফেনীর জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে, তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। অধ্যাপক এমএ খালেক ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুর রউপের ছেলে।
