লালমনিরহাট জেলা পরিষদে নতুন প্রশাসক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) বাংলাদেশ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

?প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

?জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব স্থগিত করে দেয়। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন জেলা প্রশাসক (ডিসি)। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এই পদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হলো। নবনিযুক্ত প্রশাসক এ কে এম মমিনুল হক বর্তমানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।