গাজীপুরে চিলাই খাল খনন উদ্বোধন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জিসিসি প্রশাসক শওকত সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার কার্যক্রমের আওতায় গাজীপুরের গুরুত্বপূর্ণ চিলাই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার নগরীর তিতাস গেট এলাকায় চিলাই খালে মাটিকাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজ হাতে খনন কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় জিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান রেজা, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান রেজা, বিএনপি নেতা মোস্তফা ননী, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এসএম মহিবুর রশীদ মারুফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাল খনন কার্যক্রমের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি খাল পুনঃখনন করা হবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করার পর প্রথম ছয় মাসে অগ্রাধিকার ভিত্তিতে যেসব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, খাল পুনঃখনন তার মধ্যে অন্যতম। ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এটিকে দ্রুত সংস্কার করে একটি দৃষ্টিনন্দন খালে রূপান্তর করা হবে।
প্রশাসক জানান, আগামী ছয় মাসের মধ্যে খালটির দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়ন করা হবে। পাশাপাশি খালের আশপাশে অবস্থিত কলকারখানার অপরিশোধিত বর্জ্য যাতে খালে পড়তে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নগরীর খালগুলো অবৈধ দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং প্রশাসক শওকত হোসেন সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। এদিকে একই দিনে প্রশাসক গাজীপুর চৌরস্তায় ড্রেনের জমে থাকা ময়লা অপসারণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরশেনের বাস্তবায়নে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। যা নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
