অস্ত্র-গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান-কর্মচারী গ্রেপ্তার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার ‘যত্নের মায়া মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তররা হলেন, ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও নগরীর রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি এবং কর্মচারী নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ ।

জেলা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা অনুযায়ী জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আশরাফুল ইসলাম আকাশ ও মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে মাদক নিরাময় কেন্দ্রের চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।