তেলের সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদা বেড়ে গেছে

বললেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। সরকার আগের মতই সাপ্লাই দিচ্ছে। যদি দেখা যেতো সরকার পর্যাপ্ত সাপ্লাই দিতে পারে নাই, তাহলে বলা যেত তেলের সংকট আছে। যদি একটি পাম্পে গিয়ে দেখেন পাঁচ হাজার লিটারের মধ্যে এই মাসে বিক্রি হয়েছে আট হাজার লিটার বা নয় হাজার লিটার। তার মানে সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদাটা বেড়ে গেছে। যেখানেই যাই সেখানেই এক হাজার, পাঁচশ, সাতশ মোটরসাইকেলের লাইন। হটাৎ করে কি এমন হয়েছে যে একসঙ্গে কয়েক হাজার মোটরসাইকেল বেড়ে গেলো? এ গাড়িগুলো কোত্থেকে আসলো? হঠাৎ করে কেন এরকম অবস্থা? আমি এক পোয়া খেতাম, এখন হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে, এখন এক সের লাগে? এ বিষয়টি চিন্তা করতে হবে।

গতকাল শুক্রবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই হাজারেরও অধিক কৃষক ও কৃষাণিদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার। ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও জনগণের কথা চিন্তা করে সরকার এই খাতে ভর্তুকি দিচ্ছি, ফলে বাংলাদেশে এখনও জ্বালানি তেলের দাম বাড়েনি।