বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নাজিম খান ইউনিয়নের সমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের মধ্যে শুরু হয় আহাজারি। রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
