মৌলভীবাজারে ১৬০০ লিটার ডিজেল জব্দ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে একই ইউনিয়নের চিতলিয়া এলাকা থেকে ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এ সময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই রাতে আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরন এন্টারপ্রাইজ থেকে আট ড্রাম ভর্তি ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময়ে দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারণে ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
