‘সব পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন তারেক রহমান’

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, তারেক রহমান সব এলাকার সব মতের সব পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন।

গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় সরেজমিন পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সব মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গম ও উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব আহসান জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার সহজ হবে এবং দীর্ঘ লাইনের সমস্যাও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।