নওগাঁয় কৃষি প্রণোদনা ও ঢেউটিন বিতরণ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন- নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি উপস্থিত কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন।
এসময় কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় সাড়ে চার হাজার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।
