মাগুরায় পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাগুরা প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল শনিবার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শ্রীপুর সদরের ডিসি পার্কসহ বিভিন্ন সড়কের ময়লা পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, শ্রীপুর ইউনিয়নের সচিব আলতাফ হোসেন, সব্দালপুর ইউনিয়নের সচিব আকিদুল ইসলাম প্রমুখ। অভিযানকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়। অভিযান চলাকালে অফিস প্রাঙ্গণ ও ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া ড্রেন, ছাদ, পরিত্যক্ত টায়ার, পলিথিন, বোতল ও ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেই স্থানগুলো থেকে জমে থাকা পানি অপসারণ করা হয়। এসময় ইউএনও সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। অভিযানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
